আ.লীগে ২ নতুন মুখ বিএনপিতে একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক, ইকবাল হোসেন ও মিয়া নুরুদ্দিন
এনামুল হক, ইকবাল হোসেন ও মিয়া নুরুদ্দিন

শরীয়তপুরের তিনটি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন সংসদ সদস্য পদে নতুন মুখ। তাঁরা হলেন শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু, ২ আসনে আওয়ামী লীগের এনামুল হক শামীম এবং ৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু।

শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) আসনে বর্তমান সাংসদ বি এম মোজাম্মেল হক। তিনি এবার নিজ দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন শেখ হাসিনার। তাই আমাদের মতো নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে সেই স্বপ্ন পূরণ করব।’

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন।

শরীয়তপুর-২ (নড়িয়া ও ভেদরগঞ্জের সখীপুর থানা) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ শওকত আলী। অসুস্থ থাকায় তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেন, ‘বাংলাদেশের একটা বিরাট অংশ নতুন প্রজন্মের ভোটার। আমরা নির্বাচিত হয়ে নতুন প্রজন্মের জন্য সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ব। আমাদের মতো প্রার্থীদের প্রতি নতুন ভোটারদের আগ্রহ রয়েছে।’

এ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন।

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন মিয়া নুরুদ্দিন অপু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব। তিনি বলেন, ‘এলাকায় আমার জনপ্রিয়তা বিবেচনা করে দল মনোনয়ন দিয়েছে। আশা করছি, নতুন প্রার্থী হিসেবে ভোটাররা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।’

এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি প্রথমে উপনির্বাচন ও পরে ২০১৪ সালে সাংসদ হন।