আ.লীগে 'বিদ্রোহী' সুবিধায় বিএনপির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের শীতের তীব্রতা উপেক্ষা করে বাগেরহাট পৌরসভায় প্রার্থীরা জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী বিপাকে পড়েছেন। ফলে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান, বিএনপির প্রার্থী আবুল কালাম মো. আবদুল হাই, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মির্জা আলী হাসান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনা হাসিবুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এখানে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী নেই। অন্য ছয়টির মধ্যে পাঁচটিতে বিএনপির একক প্রার্থী রয়েছে। তবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনজনই বিএনপির সমর্থক। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের দুজন আওয়ামী লীগ ও দুজন বিএনপির সমর্থক। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুজন আওয়ামী লীগ ও একজন বিএনপির সমর্থক।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় মিনা হাসিবুলকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এ ছাড়া হাসিবুলের প্রচারকাজে অংশ নেওয়া ও তাঁকে সমর্থন করায় দল থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি মোল্লা রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে।
মিনা হাসিবুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগদলীয় প্রার্থীর সমর্থকেরা তাঁর কর্মী-সমর্থকদের মারধর করছেন ও তাঁর নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন।
এলাকার অন্তত ১৫ জন নানা বয়সী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছে। এতে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হওয়ায় বিএনপির প্রার্থী এখানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এ ছাড়া এখানে আওয়ামী লীগের চেয়ে বিএনপির ভোটও বেশি।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, ‘এ পৌরসভায় বিএনপির প্রার্থীর সঙ্গেই আমাদের লড়াই হবে। কাজেই মিনা হাসিবুলের সমর্থকদের প্রচারে বাধা ও মারধর করার প্রশ্নই আসে না। আমাদের কর্মীরা নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।’ এ ছাড়া তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী বা দল থেকে বহিষ্কৃত নেতাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘আশা করছি, ২০-দলীয় জোটের নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাঁদের প্রার্থীকে নির্বাচিত করবেন।’
জাতীয় পার্টির প্রার্থী (এ) মির্জা আলী হাসান বলেন, ‘এখন পর্যন্ত মাঠে মোটামুটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচন হলে বাগেরহাটের উন্নয়নে পৌরবাসী আমাকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।’