আ.লীগে 'বিদ্রোহী'দের বহিষ্কার
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থন-সংক্রান্ত সিদ্ধান্ত না মানায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় গত রোববার রাতে এ সিদ্ধান্ত হয়।
নির্বাচনে একক প্রার্থিতা রাখতে বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে বলে নেতারা জানান। তবে দলের সমর্থন না পেলেও ওই প্রার্থীরা নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় ও দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান পদে এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাবেক পৌর কাউন্সিলর আন্জুমান আরা।
তবে তিনটি পদেই আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। এতে সাধারণ নেতা-কর্মীরাও রয়েছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। এ কারণে একক প্রার্থিতা রাখতে রোববার রাতে জরুরি বর্ধিত সভা ডাকা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা তাঁদের মতামত তুলে ধরেন। সভায় সর্বসম্মতিতে চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান পদে মানসী ভট্টাচার্যকে সমর্থন দেওয়া হয়েছে।
একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আঞ্জুমান আরাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে চেয়ারম্যান পদের অপর প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য সুশান্ত কুমারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে জাহিদুল ইসলাম বলেন, ‘দলের সাধারণ নেতা-কর্মীরা আমাকে চেয়ারম্যান পদে দেখতে চান। তাই আমি নির্বাচন থেকে সরে যেতে পারছি না।’
আঞ্জুমান আরা বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিদুল ইসলাম বলেন, তৃণমূলের মতামতেই সমর্থনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এই নির্বাচন হবে।