আ.লীগের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তিনি বলেন, আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ এবং মাহমুদুর রহমানের গ্রেপ্তারের দিন স্মরণে ‘কালো দিবসের’ আলোচনায় তিনি এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় ঠেকেছে। শেখ হাসিনার পায়ের নিচে কোনো মাটি নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এ কারণে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগের এ স্বপ্ন পূরণ হবে না। এ দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে উদ্দেশ করে মওদুদ আহমদ বলেন, ‘আপনি দেশে সাংবিধানিক সংকট তৈরি করেছেন। এ জন্য জনতার আদালতে আপনার বিচার হবে। নৈতিক স্খলনের জন্যও তাঁর ছয় বছরের কারাদণ্ড হওয়া উচিত।’আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বাম নেতা বদরুদ্দীন উমর, সাংবাদিক আতাউস সামাদ, শফিক রেহমান, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী, ফরহাদ মজহার, শাম্মী আক্তার, হেলেন জেরিন খান প্রমুখ।