আ.লীগের অনুষ্ঠানে প্রবেশের সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১
চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রবেশের সময় গুলিভর্তি রিভলবারসহ আবুল কালাম আজাদ (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির প্রবেশ ফটকে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভার কার্যক্রম চলছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। নিরাপত্তা তল্লাশি চালানের সময় আবুল কালাম আজাদের প্যান্টের পকেটে একটি গুলিভর্তি রিভলবার পাওয়া যায়। পাশাপাশি আরও ১৪টি গুলি উদ্ধার করে পুলিশ। কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি রিভলবারটি লাইসেন্সকৃত বলে দাবি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।