
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে সাবেক সাংসদসহ নয়জন নেতা মাঠে নেমেছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রবাসী নেতাও রয়েছেন। বিপরীত চিত্র আওয়ামী লীগে। বর্তমান সাংসদসহ আরও দু-একজন মনোনয়নপ্রত্যাশী মাঠে আছেন। দলীয় কোন্দল, মামলা-হামলা নিয়ে সাংসদের ওপর ক্ষোভ ও হতাশা এবং পাওয়া-না পাওয়ার হিসাব মেলাতে না পেরে দলের অনেক শীর্ষ নেতা নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন না।
মনোনয়নপ্রত্যাশী বিএনপির সৌদি আরব শাখার সহসভাপতি চিকিৎসক গাজিউর রহমান ইতিমধ্যে চারঘাট ও বাঘার মানুষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার সেঁটেছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি এলাকাবাসীকে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান। তবে বাঘা-চারঘাট এলাকার অন্য কেউ মনোনয়ন পেলে তাঁর পক্ষে তিনি কাজ করবেন। সংসদীয় এলাকার বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হলে তিনি মানবেন না। বিএনপির লন্ডন আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এইচ এস শামসুজ্জোহাও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন।
এই দুজন ছাড়াও মাঠে রয়েছেন বিএনপি থেকে দুবার নির্বাচিত সাবেক সাংসদ ও বিএনপির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি আজিজুর রহমান, বিএনপির চারঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, বাঘা উপজেলার সভাপতি নূরুজ্জামান খান, জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবদলের জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন ও জিয়া পরিষদের বাঘা পৌর কমিটির সভাপতি শাহীন মণ্ডল।
বিএনপির চারঘাট উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ বলেন, পোস্টার লাগিয়ে এবার মনোনয়ন পাওয়া যাবে না। ম্যাডাম বলেছেন, যাঁরা মাঠে থাকবেন, তাঁরা মনোনয়ন পাবেন। এই আসনে তাঁর অবস্থান ভালো। তাই তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আবু সাঈদ বলেন, আওয়ামী লীগের সাংসদ শাহরিয়ার আলম নিজের দলের নেতা-কর্মীদের কাছেই বিতর্কিত। পুলিশ ছাড়া তাঁর চলার উপায় নেই। বাড়ি করেছেন আড়ানীতে, সেখানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির। তাঁর তো পায়ের তলায় মাটি নেই। বাঘা-চারঘাটের মানুষও স্থানীয় নেতৃত্ব চান। শাহরিয়ার আওয়ামী লীগের প্রার্থী হলে তিনি (আবু সাঈদ) সহজে জিতবেন।
আওয়ামী লীগের বর্তমান সাংসদ শাহরিয়ার ছাড়াও এলাকায় শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কিমিটির সহসভাপতি লায়েব উদ্দিন। সাবেক সাংসদ রায়হানুল হক ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীও মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে মাঠে এখনো তাঁদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
দলের জেলা কমিটির নির্বাহী সদস্য আমানুল হাসান বলেন, সাংসদ শাহরিয়ারের অদক্ষ নেতৃত্বের কারণে বাঘা-চারঘাটে দলে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। নিজেদের ভেতরে দুই থানায় অন্তত ৩০টি মামলা হয়েছে। সরকারি দলের কর্মী হয়েও পুলিশের তাড়া খাচ্ছেন। এই আসনে দলের বড় একটা অংশ দমন-নিপীড়নের শিকার হচ্ছে। তিনি বলেন, তাঁকে বাঘা হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে সাংসদ নিজে ডিও (ডেমি অফিশিয়াল) লেটার দিয়ে পরে আবার আলাদা ডিও করে তিনি নিজেই সভাপতি হন। দলের নেতা-কর্মীদের প্রতি সাংসদের আস্থা ও বিশ্বাস নেই। প্রয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দেন। এখন নেতা-কর্মীরাও তাঁকে তাই করবেন। ছাত্রলীগের বাঘা উপজেলা কমিটি ভেঙে তিনি কর্মীদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন।
আওয়ামী লীগের বাঘার আড়ানী পৌর শাখার সভাপতি মাজদার রহমান বলেন, ‘নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সাংসদ অগণতান্ত্রিকভাবে পৌর কমিটি ভেঙে দিয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ঈদের পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় আমি, আমার ছেলে ও আমার চাচাতো ভাইকে আসামি করা হয়েছে। পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। দল ক্ষমতায় থাকলেও সাংসদের কারণে আমরা নির্যাতিত হচ্ছি। সুতরাং, নির্বাচনে আমাদের ভাগ্য বদল হবে না। তাই জাতীয় নির্বাচন নিয়ে আমরা আর ভাবছি না।’
যুবলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘সাংসদের অনুসারীরা আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। রক্তপাত ঘটিয়েছে। সুতরাং, এই সাংসদ ক্ষমতায় থাকা আর বিএনপির কোনো সাংসদ ক্ষমতায় আসার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। এই নির্বাচন নিয়েও আমার আর কোনো আগ্রহ নেই।’
তবে আওয়ামী লীগের বাঘা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, সাংসদের নেতৃত্বে সবাই একসঙ্গে বিভিন্ন জাতীয় কর্মসূচি পালন করছেন। বড় দলে দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ থাকতেই পারে।
সাংসদ শাহরিয়ার বলেন, নির্বাচনের মাত্র দুই মাস আগে দলীয় সাংসদ সম্পর্কে যাঁরা এ ধরনের অবাস্তব অভিযোগ করছেন, দলের প্রতি তাঁদের ভালোবাসা নিয়ে প্রশ্ন আছে। ভোটেই জনপ্রিয়তা যাচাই হবে।