চট্টগ্রাম নগর ও জেলার ১৬টি আসনে মনোনয়ন পেতে স্থানীয় সাংসদ ও দলীয় নেতারা ঢাকায়। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অর্ধশতাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে বর্তমান নয়জন সাংসদ ছাড়াও তৃণমূল পর্যায়ের অনেক নেতা রয়েছেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ১৬টির মধ্যে আওয়ামী লীগ নয়টি, বিএনপি তিনটি, মহাজোটের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি একটি ও জাসদ একটি, জামায়াত একটি ও এলডিপি একটি আসনে জয়ী হয়। এবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। এই অবস্থায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। চট্টগ্রামের বর্তমান সাংসদ মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), আবুল কাশেম মাস্টার (চট্টগ্রাম-৪), ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম-৬), হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), নুরুল ইসলাম বিএসসি (চট্টগ্রাম-৯), আফছারুল আমীন (চট্টগ্রাম-১০), এম এ লতিফ (চট্টগ্রাম-১১), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১৩)। তাঁরা সবাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এই নয়টি আসনের মধ্যে সাংসদ আবুল কাশেমের এলাকায় বাকের ভূঁইয়া, সাংসদ নুরুল ইসলাম বিএসসির এলাকায় আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিন, সাংসদ এম এ লতিফের এলাকায় খোরশেদ আলম, সাংসদ শামসুল হক চৌধুরীর এলাকায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাসির, বদিউল আলম ও সংরক্ষিত আসনের সাংসদ চেমন আরা তৈয়ব; সাংসদ সাইফুজ্জামান চৌধুরীর এলাকায় ব্যবসায়ী নুরুল কাইয়ুম খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মহাজোটের অংশীদার জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসন থেকে গত নির্বাচনে জয়ী হন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা ইউনুছ গনি চৌধুরী ও যুবলীগ উত্তর জেলার সাধারণ সম্পাদক রাশেদুল আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে জয়ী হন জাসদের মঈন উদ্দীন খান বাদল। সেখানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনে সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার, গত নির্বাচনের পরাজিত প্রার্থী এ কে এম পেয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহজাহান চৌধুরী ও মালয়েশিয়াপ্রবাসী মোহাম্মদ হাছান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র নেন সাবেক সাংসদ মরহুম মোস্তাফিজুর রহমানের বড় ছেলে মাহফুজুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ও গতবারের পরাজিত প্রার্থী জামাল উদ্দিন।
চট্টগ্রাম-১৪ আসনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মাসুদুল হক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র কেনেন। গত নির্বাচনে এলডিপির অলি আহমদ এই আসনে জয়ী হন। চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম ও গত নির্বাচনের পরাজিত প্রার্থী সিরাজুল ইসলাম মনোনয়নপত্র নেন। গত নির্বাচনে এই আসনে জামায়াতের শামসুল ইসলাম জয়ী হন।
চট্টগ্রাম-১৬ আসনে সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী, ব্যবসায়ী মজিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী গত নির্বাচনে এই আসনে জয়ী হন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোমবার পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী। তাই চট্টগ্রাম-১৪ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি।’
চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন খাদিজাতুল আনোয়ার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি বেঁচে নেই। বাবার মতো আমিও এলাকাবাসীর সেবা করতে চাই। তাই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
চট্টগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান।