অন্য সব মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তাই গতকাল সোমবার পৌরসভায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চাটখিল বাজারে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এদিকে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ঢাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে বলা হয়, গত রোববার বিএনপি প্রার্থী তাঁর বাহক মারফত লিখিত আবেদনের মাধ্যমে পৌর নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একইভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ছাইফ উল্লাহ। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা
ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীকে অপহরণ করে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
জাকির হোসেন বলেন, বিএনপি ও জামায়াতের প্রার্থী নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপির নেতারা ঢাকায় বসে উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এদিকে বিএনপি প্রার্থী মোস্তফা কামালের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রোববার দুপুরের পর তাঁর সঙ্গে দলীয় মেয়র পদপ্রার্থীর কথা হয়নি।