প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ৯ হাজার ৫৪৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৭ সালের মে পর্যন্ত টানা দুই মেয়াদে যুক্ত হয়েছে ৮ হাজার ৩৪০ মেগাওয়াট। বিএনপি সরকারের দুই আমলে যুক্ত হয়েছিল ১ হাজার ৮২৮ মেগাওয়াট।
গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারি দলের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে দেশে মোট ১৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে কিছু পুরোনো কেন্দ্র বিভিন্ন সময়ে অবসরে যাওয়ায় বর্তমানে জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বর্তমানে ক্যাপটিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৯৭২-১৯৮১ সালে ২৮৬ মেগাওয়াট, ১৯৮২-১৯৯০ সালে ১ হাজার ৫৮৮ মেগাওয়াট, ১৯৯১ সালের মার্চ থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ৫৮৮ মেগাওয়াট, ১৯৯৬ সালের জুন থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ২০৮ মেগাওয়াট, ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৪০ মেগাওয়াট, ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪৬ মেগাওয়াট এবং ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্ত ৮ হাজার ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রতিবছর দেশে ২ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র একজন ক্যানসার বিশেষজ্ঞ রয়েছেন।
দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ক্যানসার চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্যানসারের ওষুধের বিদেশনির্ভরতা কমাতে এবং উচ্চমূল্যের ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য দেশি কোম্পানিগুলোকে ক্যানসারের ওষুধ তৈরির ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
সরকারি দলের কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার। ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট সদস্য ২৮ লাখ ৪৭ হাজার।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত চারটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স এবং ১০টিকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দেওয়া হয়েছে।