আ.লীগের আমলে জঙ্গিবাদ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিবাদের উত্থানে বিএনপির হাত নেই, বরং সেটা আওয়ামী লীগ সরকারের আমলে বিস্তৃত হয়েছে, এখন সেটি আরও শক্তিশালী হয়েছে। জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে অভিযুক্ত করা রাজনৈতিক অপকৌশল।
গতকাল রোববার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা করেন।
সভায় নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের অধিকার হরণ করে কৌশলে আজকে যারা ক্ষমতায় আসীন, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ ছিল না, এখনো নেই। আর যখন গণতন্ত্র থাকে না তখনই সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এ সরকারের অযোগ্য দেশ পরিচালনায় দেশের জনগণের জানমাল নিরাপত্তাহীন হয়ে পড়েছে। নজরুল ইসলাম আরও বলেন, জনগণ আজ পরিবর্তনে আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের মানুষ বর্তমান সরকারের অনাচার, দুর্নীতি থেকে মুক্তি চায়, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্তি চায়। ফলে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছে।