২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। একই বছরে ব্যয় হয়েছে প্রায় নয় কোটি টাকা। আজ বুধবার নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের এই হিসাব দাখিল করবে আওয়ামী লীগ।
দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, একটি হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে আওয়ামী লীগের গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়েছে। গত রোববার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানসহ কয়েকজন নেতা নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া নিয়ে বৈঠক করেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের হিসাব বিবরণীতে সই দেন। আজ তাঁর পক্ষ থেকে দলের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এই হিসাব জমা দেবে। হিসাব বিবরণীতে আওয়ামী লীগের আয়ের খাত হিসাবে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, দলীয় সাংসদ, প্রাথমিক সদস্য ফি, অনুদান, বই বিক্রি, কাউন্সিলর ফি, পুরোনো কাগজপত্র বিক্রি, ব্যাংকের সুদ প্রভৃতি। ব্যয়ের খাত হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস, অফিস ভাড়া, পত্রিকা প্রকাশ, জায়গা কেনা, ত্রাণ কার্যক্রম, কেন্দ্রীয় কমিটির বৈঠক, জনসভা আয়োজন, বিজ্ঞাপন, টেলিফোন বিল, হলভাড়া, প্যান্ডেল নির্মাণ প্রভৃতি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের পাশে দলের জন্য চার শতাংশ জায়গা কেনা হয়েছে। এ জায়গার দাম প্রায় পাঁচ কোটি টাকা। ব্যাংকে আওয়ামী লীগের নামে আট কোটি টাকা জমা ছিল। এ বছরের আয়-ব্যয়ের পর স্থিতি এক কোটিসহ বর্তমানে মোট নয় কোটি টাকা দলীয় তহবিলে আছে।