আ.লীগের আরও এক কর্মীর মৃত্যু, অবরোধ, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গত শনিবার রাতের গুলির ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামের শ্রমিক লীগের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে৷ গতকাল রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান৷ এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে৷
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতেই বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে পুলিশ৷ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের চার নেতা-কর্মীর নিহত হওয়ার খবরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল সকালে পুষ্পপাড়ায় পাবনা-ঢাকা মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন৷
সকাল সাড়ে ১০টার দিকে পুষ্পপাড়া বাজারে গিয়ে দেখা যায়, পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশ ঘেঁষা বাজারটির প্রায় সব দোকান বন্ধ৷ রক্তের দাগ লেগে আছে সড়কে৷ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এখানে রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের পাশাপাশি আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থী দলগুলোর মধ্যেও বিরোধ রয়েছে৷ তবে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাঁরা তা ধারণা করতে পারছেন না৷
ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম খুরশিদ হোসেন বলেন, ‘আশা করছি, শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে৷’
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, আটক আটজনের মধ্যে পাঁচজনই চরমপন্থী দলের সদস্য৷
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অভিযোগ: গতকাল রাত সাড়ে আটটায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ৷ এতে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী এলাকায় আধিপত্য বজায় রাখতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা কর্মী মজনু হোসেনের (৩৭) বর্ণনা অনুযায়ী, হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জড়িত৷
সাইদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে খুনিদের শনাক্ত করেছি৷ আশা করছি, পুলিশ অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে৷’
আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো সম্পর্ক নেই৷ আমাদের জানামতে, পুষ্পপাড়া হাটকে কেন্দ্র করে স্থানীয় চরমপন্থীদের মধ্যে একটা বিরোধ চলছিল৷ এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে৷’