আ.লীগের আরেক নেতা গ্রেপ্তার, আতিকুর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরের হামলার ঘটনায় আওয়ামী লীগের আরও এক নেতাকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুরুজ আলী। তিনি স্থানীয় চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাপৈরতলা ইউনিয়নের নিজবাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হামলার ঘটনার আগে উপজেলা সদরের আশুতোষ খেলার মাঠের সমাবেশে সুরুজ আলী বক্তব্য দেন। গত ৩০ অক্টোবরের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর ৪ নভেম্বর সুরুজ আলীকে দল থেকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কৃত নেতা সুরুজ আলী সমাবেশে বক্তব্য দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমসহ আমাদের কাছে স্বীকার করেছেন।’

এদিকে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া আতিকুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিনের আদালত শুনানি শেষে আতিকুরের পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। পরে সন্ধ্যার দিকে তাঁকে রিমান্ডে নেয় পুলিশ।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আতিকুর কয়েকজনের নাম বলেছেন। তা ছাড়া নাসিরনগরের হামলার ঘটনা তদন্তে আতিকুরের সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে।

৩০ অক্টোবর নাসিরনগরের রসরাজ দাস নামের এক যুবকের ফেসবুক থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগ তুলে উপজেলা সদরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা হয়। চার দফায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় আতিকুর, সুরুজ আলীসহ ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।