আ.লীগের ইউটিউব ও ফেসবুক পেজ চালু

আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ওয়েবসাইট (www.albd.org), একটি ইউটিউব চ্যানেল (http:/www.youtube.com/myabld) ও একটি ফেসবুক পেজ (www.facebook.com/awamileague.1949) চালু করা হয়েছে। আজ বুধবার দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচার সম্প্রসারণে এই উদ্যোগ নিল ক্ষমতাসীন দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম দ্বারা আরও বিপুলসংখ্যক মানুষের কাছে দলের বার্তা, দলীয় প্রচারণা জোরদার, দলের কর্মকাণ্ড সম্বন্ধে সাধারণ মানুষকে আরও সহজ উপায়ে অবহিত করতে ও তাদের মতামত যাচাই করতে এই ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজ চালু করা হয়েছে। এসব মাধ্যমে প্রকাশিত খবর, ছবি ও ভিডিওচিত্র সম্পূর্ণভাবে সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এর দায় আওয়ামী লীগ বহন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের নামে আরও অনেক পেজ চালু রয়েছে এবং সেসব পেজ থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে। পেজগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।