আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকদের নিয়ে দলে সমালোচনার ঝড় উঠেছে। দুই দফায় মনোনীত ১৪৯ জন সহসম্পাদকের অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা মামলার আসামি, অস্ত্রবাজ, মাদকাসক্ত ও নারী কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে, এমন অনেকে উপকমিটিতে স্থান পেয়েছেন। বছরের পর বছর সংগঠনে নিষ্ক্রিয় থেকেও কেউ কেউ সহসম্পাদক হয়েছেন। কয়েকজন কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত সহকারীও কমিটিতে স্থান পেয়েছেন। আবার কারও কারও বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
তবে দলীয় সূত্রগুলো থেকে এ-ও জানা গেছে, অভিজ্ঞতা ও দক্ষতা মিলিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাও সহসম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের পর গত জানুয়ারি মাসে প্রথম দফায় ৬৬ জন সহসম্পাদকের নাম ঘোষণা করা হয়। ৭ আগস্ট দ্বিতীয় দফায় ৮৩ জনকে সহসম্পাদক হিসেবে মনোনীত করা হয়। অবশ্য পরের তালিকার অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় ওই ৮৩ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, দলীয় সভানেত্রীই তালিকা প্রকাশ না করার জন্য দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন।
তবে প্রথম দফায় যে ৬৬ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যেও অনেকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটি গঠনের বিধান আছে। সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম জোরদার করার জন্য একজন চেয়ারম্যান, একজন সম্পাদক, অনূর্ধ্ব পাঁচজন সহসম্পাদক, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ সদস্য, সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নিদিষ্টসংখ্যক সদস্যের সমন্বয়ে উপকমিটি গঠনের কথা বলা আছে। আর উপকমিটি গঠন করবেন দলীয় সভাপতি। মনোনীত সহসম্পাদকেরা এসব উপকমিটিতে থাকার কথা।
আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করতে উপকমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ কারণেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অথচ কোনো পদে নেই, তাঁদের সহসম্পাদক পদে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী নির্দেশ দেন। সহসম্পাদক মনোনয়নের তালিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁদের করা তালিকা পরে দলীয় প্রধান কাটছাঁট করে অনুমোদন দেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রথম দফায় মনোনয়ন পাওয়া ৬৬ জন সহসম্পাদকের মধ্যে অর্ধেকই বর্তমানে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। কেউ কেউ কেবল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় নেতাদের পেছনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আসেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দায়িত্বশীল বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মনোনীত সহসম্পাদকদের মধ্যে আনোয়ারুল আজিম, হাবিব আহমেদ, সাজ্জাদ হোসেন, ফরহাদ হোসেন, মাসুম ইকবাল, মোস্তফা জামান, সাখাওয়াত হোসেন ও রিয়াজুল হাসান খান দলে বছরের পর বছর ধরে নিষ্ক্রিয়। খোকন পাল একসময় মন্টু গ্রুপ করতেন। ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল হত্যা মামলার আসামি ছিলেন। সীমান্ত তালুকদার, রফিকুল আলম গাফফারী, হাসিবুর রহমান, আরিফুজ্জামান মিয়া ও সাইফুল ইসলামের বিরুদ্ধে দলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আছে। মাসুদ পারভেজ ও মাসুদ পথিক আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্যের ব্যক্তিগত সহকারী। আবুল কালাম আজাদ ইলিয়াস ও নিরঞ্জন ভৌমিক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত কর্মচারী। নজরুল ইসলাম নোমান প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার কর্মচারী। আতাউল বুলেট একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। শেখ মোহাম্মদ মেহেদী হাসান ও রফিকুল ইসলাম আরেক নেতার ঘনিষ্ঠতার সূত্রে পদ পেয়েছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, আফজালুর রহমান ও গাজী মেজবাউল হোসেন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনে দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সহসম্পাদক পদে মনোনীত হয়েছেন। মোহাম্মদ আলম ১৯৯৫ সালে হরতালের দিন একজন সরকারি কর্মচারীকে দিগম্বর করায় সমালোচিত হয়েছিলেন।
মাহবুবুর রহমান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সহসম্পাদক হয়েছেন। ফয়সাল বিপ্লব যুবলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আছে। আমিনুল কবীর এক-এগারোর সরকারের সময়ে ছাত্রলীগকে ভাঙার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন ছাত্রলীগের তৎকালীন কয়েকজন নেতা। আলতাফ হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জে ভূমিদস্যুতার অভিযোগ আছে। রাকিব হোসেন ও গাজী হাফিজুর রহমান (লিকু) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা। আর আসিফ মোহাম্মদ, এফ আর খান, নারায়ণ সাহা, সামিউল আলম ও রাগিব হোসেনকে দলের অনেক নেতাই চেনেন না বলে জানিয়েছেন। এ ছাড়া প্রথম দফায় মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে মনিরুজ্জামান প্রবাসী এবং নজিবুর রহমান, মজিবুর রহমান হাওলাদারসহ বেশ কয়েকজন দলে নিষ্ক্রিয় বলে জানা গেছে।