আ.লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক ১০ এপ্রিল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটায় গণভবনে ওই বৈঠক হবে।
আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সভায় উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল সোমবার বিকেল তিনটায় আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত আওয়ামী লীগের সব জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।