আ.লীগের এক নেতাকে পেটালেন আরেক নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জমাদ্দার ও তাঁর লোকজন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় তালতলী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। কামালকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামাল হোসেন তালতলী শহরের কৃষি ব্যংকের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ফজলুল হক জমাদ্দারের নেতৃত্বে তাঁর ছেলে তপু জমাদ্দার ও অন্য সহযোগীরা কামালকে ধরে জোরপূর্বক স্থানীয় রেজভি জমাদ্দারের (ফজলুল হকের ভাইয়ের ছেলে) ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁর হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে কামাল অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাঁর নাকে-মুখে পানি ছিটানো হয়। জ্ঞান ফিরলে তাঁকে আবার পেটানো হয়। এ সময় কামাল পানি চাইলে তপু জমাদ্দার তাঁর (কামাল) মুখে প্রস্রাব করে দেন। কামালের চিৎকারে লোকজন ঘটনাস্থলে জড়ো হলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনি। পরে তাঁর পরিবারের সদস্যরা তালতলী থানায় বিষয়টি জানান। রাত নয়টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
চিকিৎসাধীন কামাল গতকাল বৃহস্পতিবার বলেন, রেজভি জমাদ্দার গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য কয়েক দিন আগে তাঁকে জামিনদার হওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি কয়েক দিন ধরে তাঁকে নানা হুমকি-ধমকি দেন। এ ঘটনার জের ধরে এবং ফজলুল হক জমাদ্দারের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে চলাফেরা করায় তাঁর ওপর নির্দয় নির্যাতন চালানো হয়েছে।
ফজলুল হক জমাদ্দার বলেন, ‘কামাল হোসেন খারাপ প্রকৃতির লোক। তাই তাকে পিটিয়েছি। ওর পক্ষ হয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদেরও পেটাব।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর মুন্সি বলেন, ‘ফজলুল হক ও তাঁর লোকজন আক্রোশের বশবর্তী হয়ে কামালের ওপর নির্যাতন করেছে। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তালতলী সফরে আসবেন। এটা বিবেচনা করে দলীয় নেতা-কর্মীদের বুঝিয়ে-শুনিয়ে শান্ত রেখেছি।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।