আ.লীগের এক পক্ষের মানববন্ধনে অন্য পক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সদর উপজেলায় গতকাল রোববার আওয়ামী লীগের এক পক্ষের মানববন্ধনে অন্য একটি পক্ষ হামলা চালিয়েছে। হামলার সময় ১০টি মোটরসাইকেল ও পোলট্রি ফিড মিলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলীর সঙ্গে জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদুল ইসলামের বিরোধ ছিল। মনসুর আলীর ছেলে মাহমুদুল ইসলাম স্থানীয় মহিনন্দ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত শনিবার শহরের শ্রীনগর এলাকায় তাকে কয়েকজন মিলে মারধর করে। পরে স্থানীয় এলাকাবাসী মাহমুদুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনার প্রতিবাদে মহিনন্দ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও মনসুর আলীর সমর্থকেরা গতকাল রোববার শোলমারা এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তখন প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় বলে অভিযোগ করা হয়। এ সময় একজন আহত হয়।
মনসুর আলী বলেন, পূর্বশত্রুতার জের ধরে সাজ্জাদের লোকজন তাঁর ছেলেকে মারধর করেছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গেলে প্রতিপক্ষ ১০টি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়ে দেয়। পরে তাঁর মালিকানাধীন পোলট্রি ফিড মিলে ভাঙচুর করে। তিনি এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সাজ্জাদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের খেলাধুলার অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। তবে প্রতিপক্ষের মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। এ ঘটনায় তিনি আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান বলেন, ‘আমি এ ঘটনা শুনেছি। এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান সন্ধ্যায় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।