আ.লীগের একক প্রার্থী বিএনপির এক হালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক বরাদ্দের পর থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণাও বাড়ছে। গতকাল বুধবার প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গণসংযোগসহ নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন।
এরই মধ্যে আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করেছে। তবে একাধিকবার সভা ডেকেও প্রার্থী ঘোষণা করতে ব্যর্থ হয়েছে বিএনপি। এখন পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিপরীতে মাঠে আছেন বিএনপির চারজন।
বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচন ১৯ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচজন। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার আলম (আনারস)। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। অন্যরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (দোয়াত-কলম), সদস্য কাজল ভূইয়া (মোটরসাইকেল), বাংলাদেশ জাতীয়তাবাদী স্বনির্ভর দলের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি শাহ আলম (ঘোড়া), দলটির কর্মী কাইয়ুম খান (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন (উড়োজাহাজ), বর্তমান ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান (তালা) এবং পৌর ছাত্রলীগের সভাপতি আবুল ফজল (টিয়া পাখি)। আবুল ফজল আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকেয়া বেগম (ফুটবল) ও বিএনপির কর্মী মনোয়ারা বেগম (কলস)।
উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী ঘোষণায় বিএনপি ঐকমত্যে পৌঁছাতে না পারায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে আছেন। এর বিপরীতে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের কোনো না কোনো প্রার্থীর পক্ষালম্বন করে চার ধারায় বিভক্ত হয়ে পড়েছেন।
জানতে চাইলে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফজাল হোসেন বলেন, ‘আমাদের দল থেকে প্রার্থী একজন। অন্য সমর্থন-প্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। আমরা সবাই এখন দলীয় প্রার্থীর জন্য মাঠে আছি।’
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান বলেন, ‘একক প্রার্থী দিতে ব্যর্থ হলেও আমার বিশ্বাস, ভোটাররা বুঝে-শুনে ভোট দেবেন এবং বিএনপি পরিচয়ধারীদের কোনো একজন বিজয়ী হবেন।’
এদিকে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সঙ্গে কথা বলে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কথা হলো পৌর শহরের মসজিদ সড়কের চা দোকানি সুভাষ বসাকের (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘ভোট দিলেই কি, না দিলেই কি। দেন দরবার করা আর মরা মানুষের চল্লিশার (চেহলাম) দাওয়াত খাওয়া ছাড়া চেয়ারম্যানদের তো আর কোনো কাজ দেখলাম না।’
পৌর শহরের পৈলানপুর মহল্লার ব্যবসায়ী মুর্শিদ মিয়া (৪৬), নির্মাণশ্রমিক তবারক আলী (৪৫), স্কুলশিক্ষক শামিম আহমেদ (৪৮) ও ট্রলারের মাঝি কাজী হাবিব (৫০) জানান, এই নির্বাচন তাঁদের কাছে নামের আগে ‘চেয়ারম্যান সাব’ সম্বোধন যুক্ত হওয়া ছাড়া আর বিশেষ গুরুত্ব রাখে না। ক্ষোভ থাকলেও জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট দিতে কেন্দ্রে যাবেন।