আ.লীগের একক প্রার্থী লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে দলের একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে রোববার বিকেলে বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোস্তফা কামালকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) গত বৃহস্পতিবার শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী নির্ধারণের জন্য সোমবার দিনব্যাপী আওয়ামী লীগের ছয় সদস্যবিশিষ্ট কমিটি স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ বৈঠক করে। ওই বৈঠকে প্রার্থী চূড়ান্ত করে সোমবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো হয়। গতকাল সকালে হাজি আবদুল লতিফকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল বিকেলে মুঠোফোনে হাজি আবদুল লতিফ প্রথম অালোকে বলেন, ‘আমি ভোরে ঢাকা থেকে শাহরাস্তি চলে এসেছি। সোমবার রাতে প্রধানমন্ত্রী মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। সকালে আমার লোক মনোনয়নপত্র গ্রহণ করে এলাকায় রওনা দিয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবদুল লতিফ মনোনয়ন পাওয়ার বিষয়টি আমাকে সকাল আটটায় মুঠোফোনে জানিয়েছেন।
দলীয় প্রার্থীর বাইরে আর কেউ প্রার্থী থাকবেন কি না—এ প্রশ্নের জবাবে ফরিদ উল্যাহ চৌধুরী বলেন, যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁরা মনোনয়ন জমা দেওয়ার পর এ বিষয়ে বলা যাবে।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক প্রথম অালোকে বলেন, সোমবার রাতে দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে মোস্তফা কামালকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভায় বর্তমান মেয়র মোস্তফা কামালকে দলীয় একক প্রার্থী ঘোষণা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে নাম পাঠানো হয়।
শাহরাস্তি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান প্রথম অালোকে বলেন, ‘গতকাল নয়জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।’