আ.লীগের একজন করে বিএনপির ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ছয়টি আসনে শেষ দিনে বিএনপির ১৭ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন নেতা।

গতকাল বুধবার সিরাজগঞ্জ-১ আসনে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার ও উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় প্রার্থী। আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তাঁর স্ত্রী সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ হাবিবে মিল্লাত আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও স্বাচিপ নেতা আবদুল আজিজ রায়গঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. শামীমুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির প্রার্থী সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নান তালুকদার এবং উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক। বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক সাইফুল ইসলাম সিরাজগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিরাজগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ এম আকবর আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম খানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সাংসদ তানভীর ইমাম আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুল মজিদ মণ্ডলের ছেলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মোমিন মণ্ডল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি রকিবুল করিম খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন ও সাবেক প্রতিমন্ত্রী মেজর মনজুর কাদের।

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ হাসিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপপ্রধানমন্ত্রী এম এ মতিনের ছেলে এম এ মুহিত ও সাবেক সাংসদ কামরুদ্দিন এহিয়া খান মজলিশ।