আ.লীগের একজনকে সমর্থন দুজনকে দল থেকে বহিষ্কার
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অবশেষে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গত শনিবার থেকে শেখ আক্তারুজ্জামানের পক্ষে গণসংযোগ শুরু করেছেন।২১ অক্টোবর রাতে ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে শেখ আক্তারুজ্জামানকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়। আগামীকাল ২৭ অক্টোবর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।দলীয় সিদ্ধান্ত না মানায় উপনির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে গত রোববার দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলা কমিটিকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন। এই দুইজন হলেন ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার আবদুল হাই।জানা গেছে, ১২ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ শেখ আক্তারুজ্জামানকে তাদের সমর্থন দিয়ে তা জেলা আওয়ামী লীগকে লিখিতভাবে জানিয়ে দেয়। কিন্তু জেলা আওয়ামী লীগের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় দলের প্রার্থীরা নিজ নিজ প্রচারণা শুরু করেন। ২১ অক্টোবর সন্ধ্যায় ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক সভা শেষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান দলের পক্ষ থেকে আক্তারুজ্জামানের নাম ঘোষণা করেন এবং দলের অন্য প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।হাওলাদার আবদুল হাই বলেন, তিনি কোনো নোটিশ পাননি এবং তাঁকে বহিষ্কার করা হয়েছে কি না, তা তিনি জানেন না। তিনি নির্বাচনের মাঠে থাকবেন। মোল্লা আবুল কালাম আজাদ কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এই নোটিশের জবাব দেওয়ার মতো সময় আমার এখন নেই। আমি এখন নির্বাচন নিয়ে প্রচণ্ড ব্যস্ত।’