পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি (জেএসএস) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আওয়ামী লীগের মধ্যে চুক্তিবিরোধী একটি অংশের কারণে বর্তমান সরকার শুরুতে কিছু উদ্যোগ নিলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারছে না। এ জন্য শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স গঠনসহ কিছু কমিটি গঠন ছাড়া এ সরকার ১৭ মাসে আর কোনো কিছুই করেনি। তিনি বান্দরবানে গতকাল রোববার জেএসএসের জেলা শাখার চতুর্থ সম্মেলন ও কাউন্সিল উদ্বোধনের সময় এ কথা বলেন।স্থানীয় টাউন হল মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেএসএসের জেলা সভাপতি সাধুরাম ত্রিপুরা। এতে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উষাতন তালুকদার, সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, যুগ্ম সম্পাদক কেএস মং প্রমুখ। সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে বান্দরবানের আলীকদম, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, থানচিসহ সাতটি উপজেলা থেকে সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও কাউন্সিলর অংশ নেন। এ ছাড়া পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সন্তু লারমা উপস্থিত নেতা-কর্মীদের আরও বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ১২ বছর আগে সরকারের সঙ্গে চুক্তি করেছি। পার্বত্যবাসী সবাই আশা করেছিল, তারা ভূমি অধিকারসহ সব ন্যায্য অধিকার ফিরে পাবে। কিন্তু চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এখন মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগের সরকার ১৬ মাসে চুক্তি বাস্তবায়নে একটি কাজও করেনি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযোগ করেন, সরকারের বিশেষ একটি মহল পার্বত্য চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) বিভিন্ন সন্ত্রাসী সংগঠন সৃষ্টি করছে। গতকাল সম্মেলন শেষে আজ সোমবার দ্বিতীয় দিনে জেএসএসের বান্দরবান জেলা শাখার কাউন্সিল হবে। কাউন্সিলে দেড় শতাধিক কাউন্সিলর অংশ নেবেন।