আ.লীগের একাংশের বিরোধিতায় দলীয় প্রার্থীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও কালিয়ায় ওয়াহিদুজ্জামান হিরা। এই দুজনের বিপক্ষে মাঠে নেমেছেন আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। এতে দলীয় প্রার্থীরা বিপাকে পড়েছেন।
আওয়ামী লীগের ওই অংশের নেতা-কর্মীরা নড়াইলে দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও সরদার আলমগীর হোসেন এবং কালিয়ায় এমদাদুল হক, মুশফিকুর রহমান ও সোহেলী পারভিন ও শেখ লায়েক হোসেনের পক্ষে কাজ করছেন।
ওই দুই পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, তাঁরা আশঙ্কা করছেন, স্বতন্ত্র প্রার্থীরা মূলত নৌকা প্রতীকের ভোটই কাটবেন। এতে সুবিধায় থাকবেন বিএনপির প্রার্থী।
জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সোহরাব হোসেনের পক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ হুমায়ূন কবিরসহ কয়েকজন নেতা গণসংযোগ করছেন। তাঁরা আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন।’ তিনি তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি করেন।
সৈয়দ মোহাম্মদ আলী ও শরীফ হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর বিশ্বাস জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের লোক। তাঁকে দলীয় মনোনয়ন দিয়ে পৌরসভার মেয়র পদটি হাতছাড়া করার অপচেষ্টা করা হয়েছে। যে কারণে জেলার বেশির ভাগ নেতা-কর্মী সোহরাব হোসেনের পক্ষে অবস্থান নিয়ে আসনটি রক্ষা করার চেষ্টা করছেন।
নড়াইলের রঘুনাথপুর গ্রামের শমসের মোল্যাসহ আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বলেন, জেলার নেতারা যদি দলীয় প্রার্থীর বিরুদ্ধে ও সোহরাব হোসেনের পক্ষে এভাবে কথা বলেন, তাহলে তো আর নির্বাচন থাকে না।
ওয়াহিদুজ্জামান হিরা বলেন, তাঁর এলাকায় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, কোনো বিরোধিতাই নৌকার জয় ঠেকিয়ে রাখতে পারবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, দলের মনোনীত প্রার্থীর বাইরে যাঁরা অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা কেন্দ্রে পাঠানো হবে।