আ.লীগের কমিটি বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে গত সোমবার বিকেলে শহরে মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আলী সরকারের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়।শহরের নিমতলা মোড়ে ওই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা কমিটি বাতিল করে ১৫ জানুয়ারির মধ্যে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।দলীয় সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল স্থানীয় সুজাপুর উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। কাউন্সিলে বক্তৃতায় প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করার প্রস্তাব দিলে দলের বেশির ভাগ কাউন্সিলর এবং নেতা-কর্মী হাত তুলে তাতে সমর্থন জানান। তবে কিছু নেতা-কর্মী এর বিরোধিতা করে ভোটাভুটির দাবি জানান। পরে অধিকাংশ কাউন্সিলরের মতামতের ভিত্তিতে মন্ত্রীর উপস্থিতিতে ৬৭ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।শাহজাহান আলী সরকার অভিযোগ করেন, দলের গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল হয়নি। এ অবস্থায় ওই কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।