আ.লীগের কমিটি ১৫ বছরের পুরোনো
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম চলছে ১৫ বছর আগে গঠিত দলীয় কমিটি দিয়ে। তার ওপর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে ৫৪ সদস্যের কমিটি। এর মধ্যে আবার কমিটির ১০ জন সদস্য মারা গেছেন, কেউ প্রবাসে,কেউ দল ত্যাগ করেছেন। যাঁরা আছেন, তাঁদের অনেকেই বর্তমানে নিষ্ক্রিয়। এ অবস্থায় সংগঠনে বিরাজ করছে স্থবিরতা।দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠিত হয় ১৯৯৭ সালের ১৮ মার্চ। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে আবদুজ জহুর ও আয়ূব বখ্ত জগলুল। আবদুজ জহুর ২০০৮ সালে মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হন সহসভাপতি মতিউর রহমান। এরপর ২০০১ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে সাধারণ সম্পাদক জগলুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন যুগ্ম সম্পাদক নুরুল হুদা। ১৫ বছরে কমিটির ১০ জন সদস্য মারা গেছেন।সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ওমকারনাথ রায়, শ্রমবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ফারুকসহ ছয়জন প্রবাসে আছেন। সদস্য আবদুল কুদ্দস দল ত্যাগ করেছেন। বাকিদের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন আরও ১০ থেকে ১৫ জন। বর্তমানে কমিটির ৯-১০ জনকে দলের বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায়। দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটি গঠনের পর থেকেই জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি শহর থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত হয়। দলে নানা সময়ে পাল্টপাল্টি বহিষ্কার ও প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা-কর্মীরা বারবার সম্মেলনের দাবি করে এলেও কাজ হয়নি।জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা মুক্তাদীর আহমদ বলেন, ‘ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে জনপ্রতিনিধি হয়েছি। গণমানুষের প্রতিনিধিত্ব করি, কিন্তু জেলা সংগঠনে আমাদের জায়গা নাই।’জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ থেকে নেতা-কর্মীরা এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দলে কোনো শৃঙ্খলা নেই। নতুন কমিটি না হলে এই স্থবিরতা কাটবে না।’জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খায়রুল কবীর বলেন, সম্মেলন না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা চরম হতাশ।জেলা কমিটির নুরুল হুদা বলেন, ‘দ্রুত নতুন কমিটি হওয়া দরকার। কমিটি না হলে তো নেতৃত্বের বিকাশ হয় না। তবে কেন্দ্র থেকে এ ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাংসদ মতিউর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করছি। আশা করি, শিগগিরই জেলা আওয়ামী লীগের নতুন কমিটি হবে।’