আ.লীগের কমিটিতে মৃত ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরেও রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কাউন্সিলের ছয় বছর পর কমিটির অনুমোদন দেওয়া হলেও কমিটি থেকে নির্বাচিত সভাপতিকে বাদ দেওয়া হয়েছে। উল্টো কমিটিতে দুজন মৃত ব্যক্তির নাম রয়েছে। ফাঁকা রাখা হয়েছে ১০টি পদ। সেই শূন্যপদ এখনো পূরণ হয়নি।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। কিন্তু এই দুই নেতা একমত না হওয়ার কারণে কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি। ২০০৯ সালে সাবেক কিছু ছাত্রনেতার উদ্যোগে ওই দুই নেতার মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। এরপর কেন্দ্রের নির্দেশে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত হয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেন। ২০১১ সালের অক্টোবরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু কমিটি থেকে সভাপতি তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুককের নাম বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লাহর নাম দেওয়া হয়।
৭১ সদস্যবিশিষ্ট কমিটির তালিকার ওপর এর মেয়াদ উল্লেখ করা হয়েছে ‘২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত’। এই কমিটিতে সহসভাপতি হিসেবে পুঠিয়া আওয়ামী লীগের প্রয়াত নেতা খ ম শফিকুল ইসলামের নাম রয়েছে, অথচ তিনি ২০০৯ সালের ৬ মে মারা গেছেন। কমিটিতে তিনজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে একজন মৃ ত ব্যক্তি রয়েছেন। তিনি হলেন বাঘার আড়ানী পৌরসভার প্রয়াত মেয়র মিজানুর রহমান। তিনি ২০১১ সালে ২৭ জুলাই মারা যান। কমিটিতে দুজন সহসভাপতি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং ছয়জন সদস্যের পদ ফাঁকা রয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লেখা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘২০০৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিলে গঠিত/প্রস্তাবিত জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুমোদন করেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী জানান, দলে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছেন। কমিটির শূন্য পদে তাঁদের বসালে তাঁরাও সম্মানিতবোধ করবেন, কমিটিও পূর্ণাঙ্গ হবে। জেলা কমিটির একাধিক সভায় বিষয়টি উত্থাপন করা হলেও তা বাস্তবায়ন হয়নি।
মেরাজ উদ্দিন মোল্লাহ জানান, দলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দিয়েছিলেন। তাঁরা এখনো তালিকাই দিতে পারেননি।