আ.লীগের কর্মিসভা বিএনপির যোগাযোগ
বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের উৎসাহী করে তুলতে কর্মিসভা করছে স্থানীয় আওয়ামী লীগ। অন্যদিকে স্থানীয় বিএনপিতে এ পদে দলীয় প্রার্থী নির্ধারণ না হওয়ায় সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজ উদ্যোগেই ইউনিয়নের সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।
অপর দিকে স্থানীয় জামায়াতে ইসলামী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একটি সূত্রে জানা গেছে।
ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ দফা নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। এর সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক গোবিন্দ বাগচী বলেন, গত মার্চ মাসে তাঁদের দলীয় তৃণমূল সংগঠনের গোপন ভোটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নের দলীয় প্রতীকে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এখন ১৩ মার্চ থেকে ইউনিয়ন ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শুরু হয়েছে কর্মিসভা। এই কর্মিসভা অব্যাহত থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক বলেন, সাংগঠনিকভাবেই তাঁদের দলে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত বৈঠক হয়ে থাকে। ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। তাই দলীয় নেতা-কর্মীদের আরও উদ্যমী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের আনোয়ার হোসেন বলেন, দলীয় প্রার্থী নির্ধারণ না হওয়ায় সম্ভাব্য সব প্রার্থীই প্রচারণার মাঠে আছেন।
বিএনপির দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আবদুল মোনায়েম বলেন, দলীয়ভাবে এখনো মনোনীত না হলেও তিনি স্থানীয়ভাবে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ দলের আরেক সম্ভাব্য প্রার্থী উপজেলার গাড়িদহ ইউনিয়নের আশরাফ আলী বলেন, স্থানীয়ভাবে দলীয় সমর্থন ও ইউনিয়নের সাধারণ ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় ৫০ জন নেতা দলীয় ফরমে গত মাসে (মার্চ) আবেদন করেছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে প্রার্থী বাছাই চলছে। সম্ভাব্য প্রার্থীরাও নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আগামী দু-তিন দিনের মধ্যেই বাছাই প্রক্রিয়া শেষ হবে বলে তিনি জানান।
অপরদিকে উপজেলা জামায়াতের রুকন সদস্য উপজেলার খামারকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাড়িদহ, খামারকান্দি, সুঘাট, বিশালপুর ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁদের দলীয় প্রার্থী নির্ধারণে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।