আ.লীগের কর্মী-সমর্থকেরাই ভোট দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী জোটের ভোট বর্জনের পাশাপাশি খোদ আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থক-সাধারণ ভোটারই ভোটকেন্দ্রে যাননি। যার ফলে রাজশাহীর দুটি আসনে ভোট পড়েছে প্রত্যাশার চেয়েও কম। এখানে নবম জাতীয় সংসদ নির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থীরা যে পরিমাণ ভোট পেয়েছিলেন, এবার সব প্রার্থীর মোট ভোটও তার চেয়ে অনেক কম।
এবারের একতরফা নির্বাচনে রাজশাহীর দুটি আসনে আওয়ামী লীগ গড়ে ৪৫ হাজার ভোট কম পেয়েছে। ভোটকেন্দ্রে যেতে বাধা, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন সহিংসতায় আতঙ্কের কারণে আওয়ামী লীগেরই অনেক নেতা-কর্মী-সমর্থক ভোটকেন্দ্রে যাননি। সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকে ছিলেন হতাশ ও ক্ষুব্ধ।
গত তিন দিন এ দুটি নির্বাচনী এলাকায় বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার ভোট হয়েছে দুটি আসনে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এর মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ২৮ শতাংশ। গত নির্বাচনে এখানে ৯৩ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছিল। আর রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোট দেওয়ার হার ছিল ৩৪ শতাংশ। এ আসনে গতবার ভোট পড়েছিল ৯৩ দশমিক ১৩ শতাংশ। অথচ দুটি আসনেই নবমের চেয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা বেড়েছে।
রাজশাহী-৩-এ গতবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মেরাজ উদ্দিন এক লাখ ৪২ হাজার ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন (সেবার মোট ভোট ছিল দুই লাখ ৮৯ হাজার ৮৩৩)। এবার মেরাজ ছিলেন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আয়েন উদ্দিন। এ দুজনে মিলে এবার ভোট পেয়েছেন ৮০ হাজারের কিছু বেশি। আর গতবারের মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৮১৬ ভোট। অর্থাৎ এ আসনে গতবারের মহাজোট এবার ৫৫ হাজার ভোট কম পেয়েছে। গতবার আওয়ামী লীগ এই আসনে ৪৯ শতাংশ ভোট পেয়েছিল। আর এবার পেয়েছে মাত্র ২৫ শতাংশ (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ)।
রাজশাহী-৬ আসনে গতবার মহাজোটের প্রার্থী শাহরিয়ার আলম এক লাখ ২৬ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি নির্বাচিত হয়েছেন ৭০ হাজার ১১০ ভোট পেয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জেলা কমিটির নির্বাহী সদস্য রায়েনুল হক পেয়েছেন ২১ হাজার ৪৬৩ ভোট।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের এই দুই নেতা মিলে যে ভোট পেয়েছেন, তা গতবারের চেয়ে ৩৫ হাজার কম। গতবার এ আসনে আওয়ামী লীগ শতকরা ৫১ শতাংশ ভোট পেয়েছিল। এবারের একতরফা নির্বাচনে দুই প্রার্থী মিলিয়ে এখানে আওয়ামী লীগের ভোট পড়েছে ৩৩ শতাংশ।
সাংসদ শাহরিয়ার আলম মনে করেন, নেতা-কর্মীরা সবাই ভোট দিয়েছেন। পাঁচটি কারণে অনেক সমর্থক ও সাধারণ ভোটার ভোট দিতে পারেননি। যার ফলে ভোট এত কম পড়েছে। এগুলো হলো: ভোটকে ঘিরে উত্তেজনা, নাশকতার কারণে অনেকে শঙ্কিত ছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন তিনিই বিজয়ী হচ্ছেন, তাই কেন্দ্রে যাননি, না হলে হয়তো আরও ১০-১২ ভাগ ভোট বাড়ত। বিভিন্ন কেন্দ্রে ভোটের দিনের নাশকতা, বিশেষত চারঘাটে পুলিশ নাশকতা বন্ধ করতে পারেনি, এটি পারলে ভোট বাড়ত। হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচন প্রশ্নে জাতীয় পার্টির অবস্থান পরিষ্কার না থাকায় অনেকে বিভ্রান্ত ছিলেন।
তবে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এ দুটি আসনের অনেক কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরাও ভোট দিতে যেতে পারেননি।
আবার প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা এ নির্বাচনে অনেকের আগ্রহ ছিল না। আবার কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের দুজন নেতা প্রার্থী হওয়ায় কেউ কেউ দ্বিধায় ছিলেন।