নয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। কাল রোববার ১৯৫ জন কাউন্সিলর তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। পৌর কমিটির বিভিন্ন পদ পেতে আগ্রহীরা রাত-দিন কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠেয় এ কাউন্সিলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী ও পৌর মেয়র এস এম এ মঈন।পৌর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান পৌর কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. বাবুল, সাবেক পৌর কমিশনার শাহজাহান বেলাল, আকরাম হোসেন ও শামসুজ্জোহা দুলাল এবং সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক, আকরাম হোসেন, নুরুল ইসলাম, আবুল হাসনাত ও মুক্তা সরকার কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন।কাউন্সিলর ওয়ালিউর রহমান বলেন, ‘নয় বছর পর কাউন্সিলের তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতার হাতে নেতৃত্ব তুলে দিতে চাই।’ কাউন্সিলর রহিম উল আলম বলেন, পৌর কমিটির নেতৃত্ব পেতে অনেকেই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নানা অঙ্গীকার করে কাউন্সিলরদের তাঁদের পক্ষে টানার চেষ্টা করছেন।জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলে সভাপতি প্রার্থী মোস্তফা আলম বলেন, কাউন্সিলের মাধ্যমে যোগ্য ও ত্যাগীরাই নির্বাচিত হয়ে আসবেন।সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক বলেন, পৌরসভার সব ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। পৌর কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করা হবে।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দলের নেতৃত্বও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবে। ফলে যোগ্যরাই দলের নেতৃত্বে ঠাঁই পাবেন বলে বিশ্বাস করি।’