আ.লীগের কাউন্সিলের মঞ্চে বউমাকে পরিচিত করালেন সাজেদা
‘আমার অবর্তমানে এই এলাকা যাতে নষ্ট হয়ে না যায়, সে জন্যই ছেলে রাজনীতিতে এসেছে, এবার বউমাকেও এনেছি। ছেলে ও বউমাকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা ওদের দেখাশোনা করবেন।’
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল শুক্রবার সকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন তাঁর ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, ‘এখন থেকে আমার ছেলে আয়মন আকবরের সঙ্গে তার স্ত্রী এলমা চৌধুরীও আপনাদের দেখাশোনা করবে। এ জন্য বউমাকে (আমেরিকা থেকে) সঙ্গে করে নিয়ে এসেছি।’ তিনি (সাজেদা) মঞ্চে চেয়ারে বসা এলমা চৌধুরীকে দাঁড় করিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এলমার উদ্দেশে বলেন, ‘আগামী দিনে তোমার অনেক কাজ, এরা সবাই তোমার মুরব্বি। এখন থেকে এদের দেখাশোনা করবে, খাওয়াবে। তুমি দুই বিষয়ে এমএ করেছ। তুমি অনেক ভালো পারবে।’ এলাকাবাসীর উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, ‘আমি যদি কখনো কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দেবেন।’ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রথম এই সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা ভোটাভুটি করে তাঁদের নেতা নির্বাচন করার সুযোগ পাননি। সাজেদা চৌধুরী সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে ফায়কুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাউর রহমানের নাম ঘোষণা করে বাকি পদগুলো আলোচনা করে ঠিক করে নিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন।