আ.লীগের কারও জামানত থাকবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা একেবারেই কমে এসেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের কারও জামানত থাকবে না। এ কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের ভয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ তা মেনে নেবে না। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে জনগণ ভোট দেবে ধানের শীষে, কিন্তু পড়বে নৌকার বাক্সে।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসনের পরিবর্তে দলীয় শাসন চলছে। সরকারের নির্যাতনে সাধারণ মানুষ দিশেহারা; তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ধ্বংসের মুখে আজ দেশের অর্থনীতি। সরকারের পদ্মা সেতু, শেয়ারবাজার, হল-মার্কসহ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশ আমাদের দেশের লোক নিচ্ছে না। প্রায় ৫০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।’

জেলা বিএনপির সভাপতি আফরোজা খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান, সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ, হারুনার রশিদ খানসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে বেলা তিনটার দিকে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।