আ.লীগের কারও জামানত থাকবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা একেবারেই কমে এসেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের কারও জামানত থাকবে না। এ কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের ভয়।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ তা মেনে নেবে না। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে জনগণ ভোট দেবে ধানের শীষে, কিন্তু পড়বে নৌকার বাক্সে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির এক কর্মী সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসনের পরিবর্তে দলীয় শাসন চলছে। সরকারের নির্যাতনে সাধারণ মানুষ দিশেহারা, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ধ্বংসের মুখে আজ দেশের অর্থনীতি।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান, জেলা বিএনপির সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।