শ্রেণীকক্ষের সংকটের কারণে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা নেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ কারণে বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। বিকল্প হিসেবে বিদ্যালয়ের পাশে অবস্থিত আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গলাচিপা পৌরসভা এলাকার এই প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফাটল ধরেছে। বিষয়টি কয়েক বছর ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সম্প্রতি সাভারে বহুতল ভবনধসে প্রাণহানির ঘটনা ঘটার পর ঝুঁকিপূর্ণ ওই ভবনটিতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল গত ৩০ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে বিদ্যালয়ের ওই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। ২ মে থেকে বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর পাঠদান করা হয় অন্য একটি ভবনের বারান্দায়। এরই মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিতে বিপাকে পড়ে যায় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তারা শিক্ষার্থীদের নিয়ে যায় পাশের আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে।
বিদ্যালয়ের শিক্ষক সাহিদা বারেক বলেন, ‘একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান এবং পরীক্ষা নিতে আমরা বিব্রত বোধ করছি। শিক্ষার্থীরাও নিজেদের সেখানে ভালোভাবে মানিয়ে নিতে পারছে না। কিন্তু এ ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না।’ আতিকুর রহমান জানান, ওই বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণাসহ এটি ভেঙে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে। শিগগিরই ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।