আ.লীগের কার্যালয় ও স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে আগুন
আওয়ামী লীগের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়ন কার্যালয় গত সোমবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ছাড়া হাটিলা (পূর্ব) ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
একই রাতে চাঁদপুরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বেলাল হোসেন বলেন, দুর্বৃত্তরা সোমবার রাতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। এতে আধাপাকা কার্যালয় ভবন পুড়ে যায়। হাটিলা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বলেন, কার্যালয়ের মূল্যবান আসবাব ভাঙচুর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ সদস্যপ্রার্থী সফিকুল ইসলাম সোমবার রাতে গাড়ি নিয়ে ঘোষেরহাট এলাকা অতিক্রম করছিলেন। সেখানে দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।