আ.লীগের কার্যালয় ও ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন বাজারে অগ্নিকাণ্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বাজারের ইসমাইল মিয়ার জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে যায়। এতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুঠোফোনের সেট, আসবাব, জুতার দোকান, ফার্মেসি, চায়ের দোকান, মিষ্টির দোকান, আবাসিক হোটেল, মুদি দোকানসহ ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মিঠামইনে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তাঁরা দুটি সেচ পাম্প দিয়ে পুকুর থেকে পানি তুলে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুদির দোকানের মালিক সেলু মিয়া বলেন, ‘আমার দোকানের প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবের দোকানের মালিক পলাশ মিয়া বলেন, ‘আমার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূঁইয়া জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।