আ.লীগের কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাচারিতা ও নেতা-কর্মীদের বিপক্ষে কাজ করার অভিযোগে গত শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও আসবাবে আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি জি এম সিরাজী অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক কোরাইশীসহ কয়েকজন নেতা সব ঠিকাদারি কাজ ভাগ করে নিলেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জন্য কোনো কাজ করেননি। বরং মামলা দিয়ে নিজ দলের নেতা-কর্মীদের হয়রানি করছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর লিটারের (মুরগির বিষ্ঠা) ব্যবসা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজী ফার্মসের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কাজী ফার্মস কর্তৃপক্ষ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। বিষয়টি মীমাংসা করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার অনুরোধ করেন। কিন্তু তাঁরা বিষয়টি এড়িয়ে যান। শুক্রবার পুলিশ মামলার আসামি ছাত্রলীগের নেতা মাজহারুল ইসলাম মামুনের বাড়িতে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও পুলিশ সুপারের অপসারণ দাবি করে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভ মিছিল করে চৌরাস্তায় অবস্থান নেন। সাড়ে সাতটার দিকে পুলিশ তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। ছাত্রলীগের নেতা-কর্মীরা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ পিছু হটে। এ সময় ছাত্রলীগের কর্মীরা আবার আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। পরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে ৪০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী, কনস্টেবল মোতালেব হোসেন, গুলজার হোসেন ও আবদুল মালেক এবং ছাত্রলীগের কর্মী মন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, আওয়ামী লীগ কখনো অন্যায় প্রশ্রয় দেয় না। দলের যেকোনো কর্মী টেন্ডার ও চাঁদাবাজি করলে তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদে নেই। পদবঞ্চিতরাই এসব অভিযোগ তুুলে পরিস্থিতি অশান্ত করছে।