আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৪০০ মামলা প্রত্যাহারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ৪০০ মামলা প্রত্যাহারের জন্য আবেদন পেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের এ-সংক্রান্ত এক বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে দায়ের করা ‘হয়রানিমূলক মামলা’ চিহ্নিতকরণ ও প্রত্যাহারের আইনি-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংসদ খান টিপু সুলতান, সাংসদ নূরুল ইসলাম সুজন, মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে প্রত্যাহরের জন্য জমা পড়া আবেদনপত্রের মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটিরও আহ্বায়ক হয়েছেন আবদুল মতিন খসরু। সদস্য-সচিব হলেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। আর মৃণাল কান্তি দাস, সাংসদ নূরুল ইসলাম সুজন ও সানজিদা খাতুনকে সদস্য করা হয়েছে।এ সম্পর্কে জানতে চাইলে আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, উপকমিটি যাচাই-বাছাই করে যেসব মামলা হয়রানিমূলক বলে মনে করবে কেবল সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করা হবে। সত্যিকারের মামলা হলে, আসামিরা কেবল আওয়ামী লীগ করে বলে তা প্রত্যাহারের সুপারিশ করা হবে না। তিনি বলেন, মামলা প্রত্যাহারের এখতিয়ার আদালতের। তাই সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে হবে।প্রসঙ্গত, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি যেসব ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ করেনি বা নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা আবেদন করতে পারেননি, সেসব মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করতে গত বছরের ৯ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। আবদুল মতিন খসরুকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির পক্ষ থেকে গত বছরের নভেম্বর মাসে সারা দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ মাসে চার শতাধিক মামলা প্রত্যাহারের আবেদন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়ে।