ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৪৪ ধারা জারি থাকায় স্থানীয় আওয়ামী লীগের কোনো পক্ষই গতকাল শুক্রবার পূর্বনির্ধারিত স্থানে সভা করতে পারেনি। তবে দুই পক্ষই অন্যত্র সভা করে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেছে। এদিকে দুটি সভা থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘোষণাও দেওয়া হয়। জানা গেছে, নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিম বর্ধিত সভা আহ্বান করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ একই দিন একই সময়ে ওই স্কুল প্রাঙ্গণে নারীনীতি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা আহ্বান করে। বিকেলে একই স্থানে আরেকটি সভার ডাক দেয় মহাজোটের শরিক দল উপজেলা জাসদ। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় গতকাল সকাল থেকেই শহরের সর্বত্র মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এ অবস্থায় আবদুর রউফের পক্ষ নবীনগর আদালত প্রাঙ্গণে এবং এম এ হালিমের পক্ষ পৌর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রতিপক্ষ গ্রুপের নেতা এম এ হালিম, এবাদুল করিম ওরফে বুলবুল ও বোরহান উদ্দিন ওরফে নসুকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন মহাজোটের স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ।অন্যদিকে নবীনগর পৌর বাসস্ট্যান্ডে এম এ হালিমের সভাপতিত্বে অপর সভায় প্রতিপক্ষের নেতা আবদুর রউফ, শিবশঙ্কর দাস ও জসিম উদ্দিনকে পাল্টা বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এ সভায় গত সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের নেতা এবাদুল করিম ওরফে বুলবুল উপস্থিত ছিলেন। উভয় পক্ষ থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।