আ.লীগের ঘাঁটিতেই চলে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়িহাট, উনত্রিশ মাইল, মিলনপুর, গলিমবাবুরহাট, রহিমানপুর, বেগুনবাড়ি, দানারহাট এলাকা জামায়াতের মজবুত অবস্থান রয়েছে—এমনটাই জানে উপজেলাবাসী। কিন্তু দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির ওইসব এলাকায় তাণ্ডব চালায়নি। তারা তাণ্ডব চালিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত গড়েয়া ইউনিয়নে। এখানে আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে। সহিংসতার জন্য গড়েয়াহাটকে বেছে নেওয়ার কারণ হিসেবে ওই এলাকার লোকজন জানান, গড়েয়াহাট এলাকার দক্ষিণে দিনাজপুর ও উত্তর-পূর্বে পঞ্চগড় জেলার সীমানা। জেলা সীমানার পাশের এলাকাগুলোতে জামায়াত-শিবিরের মজবুত অবস্থান রয়েছে। গড়েয়াহাটে তাণ্ডব চালিয়ে নিরাপদে ওইসব এলাকায় চলে যাওয়া যায়। এ ছাড়া যেসব এলাকায় জামায়াত-শিবিরের মজবুত অবস্থান রয়েছে, সেসব এলাকায় তাণ্ডবের প্রস্তুতি নিতে গেলে পুলিশের নজরদারিতে পড়ার ভয় থাকে। এই আশঙ্কা থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দুর্বল গড়েয়া ইউনিয়নকে সহিংসতার জন্য বেছে নেয় জামায়াত-শিবির।জানা গেছে, গড়েয়াহাট এলাকার সীমানায় পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার কালীগঞ্জ, ভাউলাগঞ্জ এলাকা এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন। এসব এলাকায় জামায়াত-শিবিরের মজবুত অবস্থান রয়েছে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার আগের দিন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওইসব এলাকায় প্রচার করেন, ‘ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে আলেম দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে। তাই সাঈদীকে মুক্ত করে ইসলাম রক্ষা করতে হবে।’ ২৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে দেবিগঞ্জের কালিগঞ্জ-ভাউলাগঞ্জ, বীরগঞ্জের পলাশবাড়ি, চণ্ডীপুর, খোঁচাবাড়ি, দানারহাট, মিলনপুরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের জামায়াত-শিবিরের কর্মীরা এসে গড়েয়ার আশপাশের বিভিন্ন মসজিদে জমায়েত হতে শুরু করেন। জোহরের নামাজের পর ‘তৌহিদি জনতার’ ব্যানারে হাতে লাঠিসোঁটা নিয়ে সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা।একপর্যায়ে তাঁরা বাজারের দোকানপাট, বসতবাড়ি ও বিভিন্ন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ-বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে জামায়াত-শিবিরের কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশ ও বিজিবিকে চারদিক থেকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সে সময় তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে পুলিশ ও বিজিবির যান চলাচলে বাধা সৃষ্টি করেন। আত্মরক্ষার্থে পুলিশ-বিজিবি এলোপাতাড়ি গুলি ছুড়ে এলাকা থেকে বের হয়ে আসে। গুলিতে চারজন নিহত হন। তাঁরা হলেন গড়েয়া গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মনির উদ্দীন (১৮), গড়েয়াহাটের মোটরমিস্ত্রি নিরঞ্জন মিঠুন (২৬), পুরাতন গড়েয়ার মো. ফিরোজ (২৪) ও চোঙ্গাখাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (১৪)। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চোঙ্গাখাতা গ্রামের দুলাল (২৬) মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে ফিরোজ যুবদল ও দুলাল বিএনপির কর্মী বলে জানা গেছে।সহিংসতার পর ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগ নেতারা গড়েয়ার জামায়াত-শিবিরের তাণ্ডব নিয়ে সভা করলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়নি। ফলে এলাকার সংখ্যালঘুদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি।পুরাতন গড়েয়ার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, গড়েয়া এলাকা আওয়ামী লীগের ভোট-ব্যাংক। এই ইউনিয়নের চেয়ারম্যানও আওয়ামী লীগের। এর পরও জামায়াতের তাণ্ডবের পরিকল্পনা সম্পর্কে তাঁরা কোনো তথ্য পেলেন না, এটা বিশ্বাস হয় না। ঘটনার পরও তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষের সাহস দিতে পাশে এসে দাঁড়াননি।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত জানান, জামায়াত-শিবিরের কর্মীরা গুজব তুলে তাণ্ডব চালানো শুরু করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের প্রতিরোধ করতে পারেননি।