আ.লীগের চার ও বিএনপির একজন মনোনয়নপ্রত্যাশী
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের চারজন ও বিএনপির একজন দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাঁরা দলের উচ্চপর্যায়ে মনোনয়ন পাওয়ার চেষ্টার পাশাপাশি মাঠপর্যায়ে প্রচারের কাজে সরব রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফি আহমদ, পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক শফিউল আলম, সদস্য শফি আলম ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সিপার উদ্দিন আহমদ মনোনয়নপ্রত্যাশী। দলের মনোনয়ন পেতে তাঁরা জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এ ছাড়া বিএনপি থেকে দলের একাংশের উপজেলা কমিটির সভাপতি ও কুলাউড়া পৌরসভার বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ মনোনয়ন চাইছেন।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের ‘সম্ভাব্য মেয়র প্রার্থী’ উল্লেখ করে বেশ আগে থেকেই পৌর শহরের বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টানিয়ে এলাকাবাসীর দোয়া চেয়েছেন। এখন তাঁরা বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত। বিএনপির মনোনয়নপ্রত্যাশীও বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এ কে এম শফি আহমদ বলেন, ‘দলের জন্য অতীতে জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছি। আশা করি, দল এর মূল্যায়ন করবে।’
বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের জন্য আমার প্রস্তুতি আছে। দল অংশগ্রহণ করলে আমিই মনোনয়ন পাব। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার জয় নিশ্চিত।’
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘প্রার্থী নির্ধারণের ব্যাপারে এখনো কেন্দ্রের কোনো নির্দেশনা মেলেনি। পাওয়া গেলে সে অনুযায়ীই উদ্যোগ নেওয়া হবে।’
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, ‘কুলাউড়ায় দলের একক প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহমদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ১০০ জন।