আ.লীগের চার, বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়নি এখনো। এদিকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আওয়ামী লীগের চার নেতা এরই মধ্যে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাতে শুরু করেছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বসে নেই এ দলের মনোনয়নপ্রত্যাশীরা। তবে এই মুহূর্তে তাঁরা মাঠ গরম না করে সমর্থন ও মনোনয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতারা হলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা, সাধারণ সম্পাদক ও আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা তবিবুর রহমান। অপর দিকে বিএনপি থেকে এ আসনে মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংসদ আবদুল মোমিন তালুকদার ও দুপচাঁচিয়া বিএনপির সদস্য, শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরী (আমির চৌধুরী)।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলীকে হারিয়ে নির্বাচত হন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল গোলাম মাওলা ছিলেন তৃতীয় অবস্থানে।
এ আসনের ভোটাররা জানান, দুই দলের মনোনয়নপ্রত্যাশীরা এখনই পোস্টার, ডিজিটাল বিলবোর্ড, ব্যানারে গোটা এলাকা ছেয়ে ফেলেছেন।
বিএনপির সাংসদ আবদুল মোমিন বলেন, ‘আমার দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে। তবে শেষ পর্যন্ত দল নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্তই নেবে, তা মেনে নেব। আমি জনগণের ভোট নিয়ে সাংসদ হয়ে পুরো সময়ই এলাকার জন্য কাজ করেছি। দল নির্বাচনে গেলে এবারও আমি মনোনয়ন পাব।’
বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আরেক প্রার্থী সুলতান মাহমুদ বলেন, ‘আগামী নির্বাচনে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাঁদের কাছ থেকে ভরসা পেয়েই মাঠে নির্বাচনের জন্য কাজ করছি।’
আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ঢাকায় ছিলাম। মনোনয়নের জন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। নেত্রীকে আমার মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছি। এলাকায় আমার ব্যানার-ফেস্টুনও লাগিয়েছি।’ আনসার আলী বলেন, ‘এলাকায় গণসংযোগের পাশাপাশি ঢাকাও যোগাযোগ রাখছি। এবার দলীয় মনোনয়ন পাব বলে আশা করছি।’
এ উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আরেক নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘আমি সারাটা জীবনই সাধারণ মানুষের জন্য কাজ করেছি। নির্বাচন এলেই ঢাকা থেকে অতিথি পাখিরা এসে নির্বাচন করবে, আর সারা বছর খোঁজ থাকবে না, এবার তা হবে না।’
জেলা আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান বলেন, ‘আমি ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম। দীর্ঘদিন ধরে দলের তৃণমূল পর্যায়ে কাজ করছি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেই নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছি।’