ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে বিএনপির প্রার্থীর শিক্ষা ও আয়—দুটিই বেশি। তবে চার মেয়র প্রার্থীর কারও বিরুদ্ধে কখনোই কোনো মামলা হয়নি। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা: আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তিনি পেশা দেখিয়েছেন কৃষি ও মৎস্য চাষ। বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন এসএসসি পাস। তিনি ব্যবসায়ী। তবে তিনি কী ব্যবসা করেন, তা উল্লেখ করেননি। অন্য দুজনের মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. আলমগীর হোসেন অষ্টম শ্রেণি পাস। তিনি ঠিকাদার ও ব্যবসায়ী। তবে তাঁর প্রতিষ্ঠানের নাম ও অন্য ব্যবসার কথা তিনি উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসাইন স্নাতক পাস। তিনি পেশা হিসেবে বেসরকারি চাকরি দেখিয়েছেন।
সম্পদ: জাকির হোসেনের বার্ষিক আয় ১ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে আয় ৯০ হাজার ও মৎস্য চাষ থেকে ১ লাখ টাকা। তবে তিনি মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানীর কথা উল্লেখ করেননি। তাঁর স্ত্রীর ১০ ভরি সোনা আছে।
তিনি ইলেকট্রনিকস পণ্যের মধ্যে একটি টেলিভিশন, একটি রেফ্রিজারেটরের কথা উল্লেখ করেছেন। আসবাবের মধ্যে শুধু আলমারি ও খাটের কথা উল্লেখ করেছেন। তিনি কৃষি খাত থেকে আয়ের কথা বললেও তাঁর কী পরিমাণ কৃষি ও অকৃষিজমি রয়েছে, সে ব্যাপারে কিছুই উল্লেখ করেননি।
আনোয়ার হোসেনের মোট বার্ষিক আয় ১০ লাখ ২৪ হাজার ৪৬৮ টাকা। এর মধ্যে কৃষি খাতে আয় ১৭ হাজার ৩০০ টাকা, বাড়িভাড়ায় ৭৬ হাজার ৮০০, ব্যবসা থেকে ৯ লাখ ৩০ হাজার ৩৬৮ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তাঁর নগদ ২৫ হাজার টাকা রয়েছে। ৯ লাখ ৮৬ হাজার টাকার মোটরগাড়ি, ২৫ ভরি সোনা, ৭৫ হাজার টাকার আসবাব ও প্রাইজবন্ড আছে ২ লাখ ১৫ হাজার টাকার। বাড়িভাড়া থেকে তিনি আয়ের কথা বললেও বাড়ির আকৃতি বা তাঁর অন্য কোনো জমি আছে কি না, এ ব্যাপারে তিনি কিছুই উল্লেখ করেননি।
আলমগীর হোসেন বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ১২ হাজার ও ঠিকাদারি ব্যবসা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা পান। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ ১০ হাজার টাকা, ব্যাংকে আছে ৩ লাখ টাকা, আট ভরি সোনা এবং টিভি, রেফ্রিজারেটরসহ অন্যান্য সামগ্রী রয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমি এক একর ও আধা পাকা একটি ভবন রয়েছে।
ইকবাল হোসাইন চাকরির বেতন থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের ঋণপত্র ২ লাখ ৩৪ হাজার ২৩৫ টাকার, ডিপিএস আছে ৭ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকার, ইলেকট্রনিকসসামগ্রী ১ লাখ ও ১ লাখ টাকার অন্যান্য আসবাব এবং স্ত্রীর সোনা রয়েছে ২০ ভরি। স্থাবর সম্পত্তির মধ্যে তিনি ১২ লাখ ৩১ হাজার ১৪২ টাকা মূল্যের ১ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন।
দৌলতখান পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হলফনামার তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে। যে কেউ ইচ্ছা করলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, স্থাবর ও অস্থাবর সম্পদ, মামলার বিষয়সহ অন্য তথ্য জানতে পারবেন।