আ.লীগের ছয়, বিএনপির একজন

তফসিল ঘোষণার আগেই পঞ্চগড় পৌরসভায় শুরু হয়ে গিয়েছিল ভোটের প্রচারণা। গত বুধবার তফসিল ঘোষণার পর তা আরও জোরদার হয়েছে। তবে জেলার অন্য দুই পৌরসভায় সীমানা এবং ওয়ার্ড বিভক্তিকরণ জটিলতায় এবার নির্বাচন হবে না বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে পঞ্চগড় পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলামের দখলে। তবে এবার আওয়ামী লীগ এখানকার পৌর মেয়র পদটি দখলে নিতে অন্যদের চেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছে। এবার দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে বিএনপি ও জামায়াতের একজন করে প্রার্থীর নাম শোনা গেলেও আওয়ামী লীগ থেকে সম্ভাব্য ছয়জন প্রার্থী প্রচারণা করছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী ওলামা লীগের উপদেষ্টা ও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা হুয়ায়ূন কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার, আওয়ামী লীগের নেতা মির্জা সারোয়ার হোসেন ও আরিফুল ইসলাম।
এদিকে চারবারের নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম এবারও মেয়র পদপ্রার্থী। তিনি পৌরসভাটি হওয়ার আগে তৎকালীন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
অন্যদিকে সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবদুল খালেক নির্বাচনে মেয়র পদে অংশ নিতে তোড়জোড় শুরু করেছেন। জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে মেয়র পদে প্রার্থী করেছে জাসদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, দলের কেন্দ্রীয় দিকনির্দেশনা মেনে স্থানীয়ভাবে ঐকমত্যের ভিত্তিতে পৌর মেয়র প্রার্থী মনোনীত করা হবে।
বিএনপির নেতা ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘১৯৮৫ সালে পৌরসভা জন্মের পর থেকেই আমি পৌরসভায় প্রতিনিধিত্ব করছি। মেয়র পদে চারবার নির্বাচিত হয়েছি। তৃতীয় শ্রেণির পৌরসভাকে ক্রমান্বয়ে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। দলীয় প্রতীকে নির্বাচন হলে আমিই বিএনপির একক প্রার্থী।’
জেলা আওয়ামী ওলামা লীগ নেতা আপেল মাহমুদ বলেন, ‘এখানে বারবার বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হচ্ছেন। তাঁকে পরাজিত করতে আওয়ামী লীগের শক্ত প্রার্থী প্রয়োজন। আমি পৌরসভায় মেয়র পদে প্রার্থী হিসেবে আমি দীর্ঘদিন থেকে এলাকায় উঠান বৈঠক করে আসছি।’
জেলা মহিলা আওয়ামী লীগের জাকিয়া আনোয়ার বলেন, ‘তিন বছর ধরে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছি।’
জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘দলীয়ভাবে প্রার্থী হতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে পৌরসভা মেয়র পদে অংশ নেব।’
এদিকে জেলার অন্য দুই পৌরসভা বোদা ও দেবীগঞ্জে প্রথম পর্যায়ে নির্বাচন হবে না বলে জানা গেছে। ২০০১ সালে বোদা পৌরসভা ঘোষণা করা হয়। কিন্তু সীমানা ও ওয়ার্ড নিয়ে জটিলতায় এ পর্যন্ত এ পৌরসভার নির্বাচন হয়নি।
অন্যদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর দেবীগঞ্জ উপজেলা শহরকে পৌরসভা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পৌরসভায় প্রশাসক হিসেবে কাজ করছেন। এখানে এখনো সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিভক্তিকরণের কাজ শুরু হয়নি।