আ.লীগের ছয় 'বিদ্রোহী', বিএনপিতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ও দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ছয় ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তাঁরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
বিদ্রোহী প্রার্থীরা হলেন আইয়ুবপুর ইউপিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাদুজ্জামান হক, দরিয়াদৌলত ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক ওরফে কালা, সদস্য মো. লোকমান হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, আওয়ামী লীগ সমর্থক রবিউল আউয়াল।
আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাদুজ্জামান হক বলেন, ‘আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। দলের প্রার্থী মনোনয়নের কাউন্সিলে আমার সঙ্গে অবিচার হয়েছে। নির্বাচন করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি, এখান থেকে পিছু হটার কোনো সম্ভাবনা নেই।’
দরিয়াদৌলত ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন বলেন, ‘চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি আওয়ামী লীগের পুরোনো নেতা, দল থেকে মূল্যায়ন পাইনি। সে জন্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক বলেন, ‘কাউন্সিলে আমার নাম থাকলেও আমি কাউন্সিলে দলের মনোনয়ন চাইনি। কাউন্সিলে নেতা-কর্মীদের মতামত প্রতিফলিত না হওয়ায় নির্বাচনে অংশ নিয়েছি।’
দরিয়াদৌলত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ‘গ্রামের মানুষের সিদ্ধান্তে নির্বাচন করছি, আমি শেষ পর্যন্ত লড়ে যাব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, কয়েকজন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিদ্রোহীদের পর্যবেক্ষণ করা হবে। তারপরও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দরিয়াদৌলত ইউনিয়নে আওয়ামী লীগের শরিফুল ইসলাম ও বিএনপির মো. হানিফ মিয়া এবং আইয়ুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম, বিএনপির মো. মনির হোসেনসহ ‘বিদ্রোহী’ প্রার্থীরা গত সোমবার মনোনয়নপত্র জমা দেন। সীমানাসংক্রান্ত জটিলতায় এই দুই ইউপিতে যথাসময়ে নির্বাচন হয়নি। আগামী ১৬ এপ্রিল এই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।