আ.লীগের জনপ্রিয়তা বেড়েছে: এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি প্রচার করছে, তারা বেশি সংখ্যক উপজেলায় নির্বাচিত হয়েছে। কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। ভোটের হিসাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে।
এইচ টি ইমাম বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহীরা যে ভোট পেয়েছেন, সেটা প্রাপ্ত মোট ভোটের ৫৪.০৭ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৫৫ শতাংশের বেশি পেয়েছে।
আজ শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এইচ টি ইমাম। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের ছুটিতে থাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘অনেক দিন ধরে তিনি (সিইসি) ছুটি চাচ্ছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি না থাকলে আরও চারজন নির্বাচন কমিশনার আছেন। তাঁরা অনায়াসে কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। তাঁর সঙ্গে কমিশন ও আমাদের যোগাযোগ রয়েছে।’
কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনীর দাগনভূঞা, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার তিতাস, লক্ষ্মীপুরের কমলনগর, রাজশাহীর চারঘাট, বাগেরহাট, চুয়াডাঙ্গার দামুড়হুদা, নড়াইলের লোহাগড়ার বিভিন্ন কেন্দ্রে বিএনপি-জামায়াতের সমর্থকেরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁদের কর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘এসব জায়গায় আমাদের কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রমাণিত হয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেহাই দেয়নি। সহিংসতা নিয়ন্ত্রণে তাঁরা যথাযথ ভূমিকা নিয়েছে।’
এইচ টি ইমাম বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, তোমরা এখন আর সরকারের না, নির্বাচন কমিশনের কর্মচারী। একজন ম্যাজিস্ট্রেট আমাদের একজন প্রার্থীকে আটক করেছে। অথচ তাকে আমরা তিরস্কারও করিনি। কোনো উপজেলায় নির্বাচন স্থগিত হয়নি। এর থেকে প্রমাণিত হয়, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’
সারা দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে। সুতরাং এ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না। সবার কাছে গ্রহণযোগ্যতাও পাবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।