আ.লীগের জনসভা, তাই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকোত্তর পরীক্ষার কেন্দ্র ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে আজ শনিবার আওয়ামী লীগের জনসভা আয়োজন করা হয়েছে। এ জন্য পরীক্ষার কেন্দ্রও পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এই স্নাতকোত্তর পরীক্ষার কেন্দ্র পরিবর্তনে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়নি। জনসভাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যেই পরিবর্তিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আজ বেলা দেড়টা থেকে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গতকাল শুক্রবার রাত ১০টায় প্রথম আলোকে বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই জনসভার আয়োজন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টা ৩০ মিনিটে সারা দেশে একযোগে স্নাতকোত্তর বিষয়ের একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থীদের ওই কেন্দ্রে (বদরে আলম সরকারি কলেজ) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। মহাজোটের শরিক দল গাজীপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক জহিরুল হক মণ্ডল বলেন, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত অনৈতিক, নিয়মবহির্ভূত এবং জাতির জন্য ক্ষতিকর। এ সিদ্ধান্ত কোনো পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা মেনে নিতে পারেন না।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন, ‘পরীক্ষার্থীর সংখ্যা সব সময় অনেক বেশি থাকে। ফলে একাধিক ভেন্যুতে পরীক্ষা নেওয়া আমাদের রুটিনমাফিক কাজ। তা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, কলেজ অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের জন্য পরীক্ষার ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অদূরে সিটি কলেজসহ আশপাশের কয়েকটি কলেজে ভেন্যু স্থানান্তর করা হয়েছে। ভেন্যু পরিবর্তনে গণবিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে ইতিমধ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।