আ.লীগের জনসভার কথা বলে দৌলতপুরে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে আওয়ামী লীগের জনসভায় যোগ দেওয়ার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও ব্যবসায়ীদের কাছ থেকে একটি মুঠোফোন নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছে। স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী ওরফে কলিন্সের নামে ওই চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে মেহেরপুর জেলা আওয়ামী লীগের জনসভায় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন। দৌলতপুর উপজেলা থেকে স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর সমর্থক ও কয়েক হাজার নেতা-কর্মী সেখানে যাবেন। এ জন্য প্রায় ১০০টি বাস, ট্রাক ও মাইক্রোবাস নেওয়া হচ্ছে। কয়েক দিন ধরে এই পরিবহন খরচ বাবদ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও এলাকার ব্যবসায়ীদের কাছে একটি মুঠোফোন নম্বর (০১৭২৬২৭৪১২৫) থেকে চাঁদা চাওয়া হচ্ছে।
ফোন করে বলা হচ্ছে, ‘এমপির দপ্তর থেকে মজনু বলছি। মুজিবনগরে যেতে গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা লাগবে। সময়মতো পৌঁছে দেবেন।’
স্থানীয় পাঁচ-ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন। গত শনিবার দুপুরে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে ফোন করে টাকা চাওয়া হয়।
গত রোববার এই প্রতিবেদক শিক্ষক সেজে ওই মুঠোফোন নম্বরে ফোন করে চাঁদার ব্যাপারে জানতে চাইলে এক ব্যক্তি বলেন, ‘বলেন স্যার, আমরা তো ১০০ খানা গাড়ি ঠিক করেছি। আপনাদের কাছ থেকে একটা করে গাড়ির ভাড়া চেয়েছিলাম, হ্যাঁ। আপনি যদি পারেন কলিন্সকে (সাংসদের ছেলে) দিয়েন, বা এই নম্বরে বিকাশ কইরেন, বা আপনি নিজে বা লোক দিয়ে পাঠাইতে পারেন।’
চাঁদা দাবির অভিযোগের ব্যাপারে রোববার দুপুরে সাংসদের ছেলে ইমরান চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকটি স্কুলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই স্কুলগুলোর প্রধানেরা স্বেচ্ছায় মুজিবনগরের অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইমরান চৌধুরী তাঁর মুঠোফোন থেকে এই প্রতিবেদকের কাছে ফোন করে জানতে চান, ‘আপনাকে এসব তথ্য কে দিয়েছে। এসব মিথ্যা কথা, বাজে কথা।’ তিনি মজনু নামের কাউকে চেনেন না বলেও জানান।