আ.লীগের জন্য কেউ অপরিহার্য নয়: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ একটি বিরাট সংগঠন, এখানে যোগ্য লোকের অভাব নেই। দলের জন্য কেউ অপরিহার্য নয়। দলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তা হলে সাংগঠনিক ভিত কখনো মজবুত হবে না।

আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে সৈয়দ আশরাফ এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। এতে দলটির সব যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের অন্তত পাঁচজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, সংগঠনকে মজবুত করতে ধীরে ধীরে অন্যান্য সাংগঠনিক জেলাগুলোর কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হবে বলে বৈঠকে সৈয়দ আশরাফ জানিয়েছেন। তবে তিনি নারায়ণগঞ্জ কিংবা ফেনীর সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কোনো কথা বলেননি।

বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদক প্রস্তাব করেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে বিভাগীয় প্রতিনিধি সভা করতে হবে। বৈঠকে উপস্থিত সবাই এটি সমর্থন করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চীন থেকে দেশে ফেরার পর যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন।

আজকের বৈঠকে সাত সাংগঠনিক জেলার কাউন্সিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। ২১ জুন মুন্সিগঞ্জে, ২৬ জুন বরগুনায়, ২৭ জুন পটুয়াখালীতে, ২৮ জুন কিশোরগঞ্জে, ১২ জুলাই ঠাকুরগাঁওয়ে, ১৫ জুলাই খুলনা মহানগরে এবং ১৯ জুলাই রাজশাহী মহানগরে কাউন্সিল করার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে কথা বলে তারিখগুলো চূড়ান্ত করা হবে।

কাউন্সিলে শামীম ওসমান ও নিজাম হাজারীর মতো ‘বিতর্কিতরা’ স্থান পাবে কি না—এমন প্রশ্নের জবাবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা চাই কাউন্সিলরা সত্, যোগ্য ও সামাজিকভাবে প্রতিষ্ঠিতদের নেতা নির্বাচন করবে। বিতর্কিতদের তাঁরা বর্জন করবেন।’

‘বৈধ পথে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না’—সৈয়দ আশরাফের এমন বক্তব্যের ব্যাখ্যায় হানিফ বলেন, ‘এর অর্থ হচ্ছে শেখ হাসিনা যে উন্নয়ন করছেন তাতে দেশ ও মানুষ উপকৃত হচ্ছে। মানুষ তাঁকে চায়। এ জনপ্রিয়তার কারণে তাঁকে বৈধ পথে হটানো যাবে না। আশরাফ সাহেব এটাই বোঝাতে চেয়েছেন।’