আ.লীগের জবরদস্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১০টার দিকে একটি স্থগিত ভোটকেন্দ্রের ফল ঘোষণা করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে দলীয় নেতা-কর্মীদের ঘেরাও এবং অনুপম শাহজাহানের চাপাচাপির পর স্থগিত ঘোষিত কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
অনুপমের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা কারচুপির অভিযোগ করায় নির্বাচন কমিশন সন্ধ্যায় একটি কেন্দ্রের ফল স্থগিত করে ফলাফল অনির্ধারিত রাখে।
ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী ১১৭টি কেন্দ্রে আওয়ামী লীগের অনুপম শাহজাহান পেয়েছেন ৭৫ হাজার ৯৬০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক মিঞা পেয়েছেন ৭১ হাজার ৪০৮ ভোট। সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে গতকাল শনিবার এই আসনে উপনির্বাচন হয়। বিজয়ী ঘোষিত অনুপম তাঁর ছেলে।
এর আগে সন্ধ্যায় ১১৭টির মধ্যে ১১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে অনুপম পেয়েছিলেন ৭৩ হাজার ৫৬৫ ভোট। আর আবদুল মালেক মিঞা পেয়েছিলেন ৭১ হাজার ৩২৯ ভোট। অনুপম এগিয়ে ছিলেন দুই হাজার ২৩৬ ভোটে। কিন্তু ভোট কারচুপির জোরালো অভিযোগ ওঠায় সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৭০১টি। তাই এই আসনে কে বিজয়ী, তা তখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
স্থগিত কেন্দ্রের ফল ঘোষণার দাবিতে সন্ধ্যার পর সখীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবা আখতারের কার্যালয় ঘিরে ফেলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রার্থী অনুপম সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবাকে বলেন, ফল ঘোষণা না করলে তাঁকে বের হতে দেওয়া হবে না। হাবিবা তখন টাঙ্গাইল জেলা সদরে থাকা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ফোনে কয়েক দফা কথা বলেন। অনুপমের আচরণে একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। এরপর রাত ১০টার দিকে হাবিবা স্থগিত কেন্দ্রসহ ওই উপজেলার ৬৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
ফল ঘোষণার আগে স্থগিত কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শুকুর মাহমুদের কাছ থেকে লিখিত নেওয়া হয় যে, তাঁকে বিদ্রোহী প্রার্থী ভয় দেখিয়ে কেন্দ্র স্থগিত করিয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তা শুকুর মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কারচুপির কথা আমার জানা নেই। কিন্তু ওই প্রার্থীর চাপাচাপিতে আমাকে স্থগিত করতে হয়েছে।’
সহিংসতার ঘটনা না ঘটলেও ১০ থেকে ১২টি কেন্দ্রে অনিয়ম-কারচুপির অভিযোগ পাওয়া গেছে। অন্য দুই প্রার্থী জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী ও স্বতন্ত্র লিয়াকত আলী অল্প কিছুসংখ্যক ভোট পেয়েছেন।
হঠাৎ বেড়ে যায় ভোট: সখীপুরের শিশুকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দুইটা পর্যন্ত ভোট পড়েছিল এক হাজারের কম। ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তা জানান, ভোট পড়েছে এক হাজার ৬৯২টি। অথচ দুপুরের পর থেকে ওই কেন্দ্রে ভোটারদের দেখা মেলেনি। সেখানে সরকারদলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকেও পাওয়া যায়নি। সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান উচ্চবিদ্যালয়, বগাপ্রতিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিক বেশি ভোট পড়েছে।
অনুপস্থিত ও মৃত ব্যক্তির ভোট: ক্যানসারে আক্রান্ত খন্দকার খোকার স্ত্রী শাহেলা জানান, তাঁর স্বামীর ভোটার ক্রমিক নম্বর ২০৯। শাহেলা নিজের ভোট দিতে সূর্য তরুণ শিক্ষাঙ্গন কেন্দ্রে গিয়ে জানেন, তাঁর স্বামীর ভোট দেওয়া হয়ে গেছে।
একাধিক মৃত ব্যক্তির ভোটও দেওয়া হয়েছে। সখীপুরের গড়গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জাহিদুল হক গত বছর মারা গেছেন। তাঁর ভোটার নম্বর ৪০২। জাহিদুলের ভোটও পড়েছে বাক্সে।